
দক্ষিণ ভারতের একটি প্রচলিত বিয়ের রীতি নিয়ে অভিনেত্রী রাধিকা আপ্তের মন্তব্যকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন অভিনেত্রী কীর্তি সুরেশ। রাধিকার বক্তব্যের সময় কীর্তির হাসি ও সম্মতিসূচক মন্তব্য সামাজিক মাধ্যমে নানা প্রশ্নের জন্ম দেয়। বিষয়টি নিয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে মামার সঙ্গে ভাগ্নির বিয়ের প্রচলন রয়েছে। বিশেষ করে বোনের মেয়েকে বিয়ে করার এই প্রথা ‘মামান কল্যাণম’ নামে পরিচিত। এ ধরনের বিয়েতে পাত্রকে বলা হয় ‘মুরাই মামান’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে রাধিকা আপ্তে জানান, একটি তেলুগু সিনেমায় তাকে এমন চরিত্রে অভিনয় করতে হয়েছিল, যেখানে নিজের মামার সঙ্গে বিয়ে হয় তার। বিষয়টি তার কাছে বেশ অস্বস্তিকর ছিল। এমনকি সিনেমাটির কাজ করাও তার জন্য কঠিন হয়ে পড়েছিল। ওই সিনেমায় রাধিকার মামার চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণ। খবর আনন্দবাজার অনলাইনের।
সাক্ষাৎকারে রাধিকার পাশে ছিলেন কীর্তি সুরেশ। রাধিকার বক্তব্য শুনে তিনি হেসে জানান, তামিল ও তেলুগু সংস্কৃতির কিছু অঞ্চলে এমন বিয়ের রীতি প্রচলিত রয়েছে। এরপরই তার মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘সত্যবান সাবিত্রী’র সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েন কীর্তি। রাধিকার মন্তব্যের সময় তিনি কেন জোরালো প্রতিবাদ করেননি, এমন প্রশ্নের জবাবে কীর্তি বলেন, প্রথমে তিনি রাধিকার বক্তব্যের অর্থ ঠিকভাবে বুঝতে পারেননি।
কীর্তির ভাষ্য, রাধিকা যখন সিনেমায় মামার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয়ের কথা বলছিলেন, তখন তিনি বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারেননি। পরে বুঝতে পারেন, রাধিকা তাদের সংস্কৃতির একটি নির্দিষ্ট প্রথার কথা বলছেন। এ বিষয়ে তার ধারণা না থাকায় তিনি শুধু প্রচলিত রীতিটির কথা ব্যাখ্যা করেছিলেন।
কীর্তি আরও জানান, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চলে এ ধরনের বিয়ের প্রচলন রয়েছে। তবে কেরালায় এমন রীতি নেই। কর্ণাটকে এই প্রথা আছে কি না, সে বিষয়ে নিশ্চিত নন তিনি।
এ প্রসঙ্গে কীর্তি বলেন, অন্য অঞ্চলের কেউ তাদের সংস্কৃতি সম্পর্কে না জানলে তাকে বিষয়টি বোঝানো যেতে পারে। তবে কাউকে জোর করে কিছু বিশ্বাস করানো বা তার বক্তব্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। রাধিকাকেও তিনি বিষয়টি বোঝানোর চেষ্টা করেছিলেন। তার উদ্দেশ্য ছিল কেবল একটি সাংস্কৃতিক প্রথা সম্পর্কে তথ্য তুলে ধরা।


