
হুজাইফা, স্টাফ রিপোর্টারঃ
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সংগঠন ‘ভয়েস অফ লইয়ার্স বাংলাদেশ’। শুক্রবার ( ৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজশাহী কলেজ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সংবিধান সংরক্ষণ কমিটির সভাপতি এবং লংমার্চ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল বলেন, ভারত কর্তৃক তালপট্টি অবৈধভাবে দখলে রাখা, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে মদদ প্রদান, বাণিজ্য ভারসাম্যহীনতা ও রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রতি আগ্রাসী মনোভাব দেখিয়ে আসছে। যা প্রমান করে, “ভারত কখনোই বাংলাদেশের প্রতি বন্ধুসুলভ আচরণ করেনি। ফারাক্কা বাঁধের মাধ্যমে ভারত বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে মরুকরণে পরিণত করেছে। আন্তর্জাতিক আইন-কানুনের তোয়াক্কা না করে ৫৪টি নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করেছে ভারত। ভারতের নির্লজ্জ হিংস্রতা সীমান্তে কাঁটাতারের বেড়ার মধ্য দিয়েও প্রকাশ পেয়েছে। বিএসএফ নিয়মিতভাবে পাখির মতো মানুষ হত্যা করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, ২৩৪ বিলিয়ন ডলার পাচার, খুনি হাসিনা ও তার দোসরদের সহযোগিতা ও আশ্রয় প্রদান করেছে ভারত সমর্থিত নরেন্দ্র মোদি সরকার, এছাড়াও মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে দাঙ্গাও বাধিয়েছে তারা ।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আশরাফুজ্জামান বলেন, “ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে, আর যেন ফেলানির মত কেউ, কাঁটাতারে ঝুলে না থাকে।”
ভয়েস অফ লইয়ার্স সংগঠনের পক্ষ থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ৪৮ ঘণ্টাব্যাপী লংমার্চ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির ১ম দিনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশ, জয়দেবপুর চৌরাস্তায় পথসভা, টাঙ্গাইলের এলেঙ্গা মোড়ে জুমার নামাজ ও পথসভা, পরে সিরাজগঞ্জ কড্ডার মোড় এবং নাটোর মাদ্রাসা মোড়ে পথসভা শেষে রাজশাহীতে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোস্তফা তাজ, অ্যাডভোকেট মজিবুর রহমান, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন প্রমুখ।


