
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সারোয়ার জানান, পোরশা, নিয়ামতপুর ও সদর এলাকায় চুরি-ডাকাতির ঘটনায় এবং নির্বাচনের আগে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালানো হয়েছে। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অপারেশন ফার্স্ট লাইট এখনও চলমান, গ্রেপ্তারের সংখ্যাও বাড়তে পারে।

চাঁপাইনবাবগঞ্জে জেলার বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৩ জন রাজনৈতিক কর্মী, ৩ জন মাদক মামলার আসামি এবং ৫ জন আদালতের পরোয়ানা ভুক্ত আসামি। গোমস্তাপুরে গ্রেপ্তারকৃত রাজনৈতিক কর্মীদের মধ্যে রয়েছেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিন বিশ্বাস, ছাত্রলীগ নেতা শাকিল ও আওয়ামী লীগ কর্মী রুবেল। গ্রেপ্তারদের শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের লক্ষ্য করেই অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারদের যাচাই-বাছাই শেষে আদালতে সোপর্দ করা হবে। শহরের গুরুত্বপূর্ণ মোড়, পৌর এলাকা, রেলস্টেশন এলাকা ও সদর উপজেলার গ্রামীণ সড়কেও বিশেষ চেকিং পরিচালিত হয়েছে।
রাজশাহী রেঞ্জের একজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে গঠিত দুইটি বিশেষ দল রাতভর অভিযান চালায়। অভিযানের মাধ্যমে চোর-ডাকাত, অস্ত্র ব্যবসায়ী ও মাদক কারবারিদের পাশাপাশি পলাতক আসামিদের ধরার চেষ্টা করা হয়েছে।


