
নিজস্ব প্রতিবেদক
দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯৯ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩১ জন।

শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫১ দশমিক ৯ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ১ শতাংশ পুরুষ।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জন মারা যান।
সেপ্টেম্বরে পরিস্থিতির আরও অবনতি হয়। ওই মাসে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। চলতি অক্টোবরের প্রথম ১০ দিনে মারা গেছেন আরও ৫৪ জন। এর মধ্যে গত ৬ অক্টোবর এক দিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ডেঙ্গুতে ৮০ জনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মারা গেছেন ৩৬ জন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ১৭ জনের।
এ ছাড়া খুলনায় ৬১ জন, চট্টগ্রাম ও বরিশালে ২৬ জন করে, ময়মনসিংহে ২৩, রাজশাহীতে ২১, রংপুরে ছয় এবং সিলেটে তিনজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৮২ জন। এর মধ্যে চলতি অক্টোবরের প্রথম ১০ দিনে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৪৬২ জন। সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৭৪।
মাসভিত্তিক হিসাবে, জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭, জুলাইয়ে ৯ হাজার ২০৬ এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৮৯ হাজার ৩৮০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত থাকায় মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


