
পদ-পদবি ও ক্ষমতার অপব্যবহার করে ভবিষ্যতে কেউ যেন গুম-খুনের মতো গুরুতর অপরাধে জড়াতে সাহস না পায়, সে জন্য এসব অপরাধের দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, এ ধরনের অপরাধের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের কর্মকর্তাদের দায়িত্ব। সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা রয়েছে। তবে কয়েকজন সদস্যের কর্মকাণ্ড সেই শ্রদ্ধায় আঘাত করেছে। কিছু সামরিক কর্মকর্তা নিজেদের বিবেকের তাড়নায় এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসেছেন, যা তাদের সাক্ষ্যেও উঠে এসেছে।
তিনি আরও বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জিয়াউল আহসান শুধু পদোন্নতি ও উচ্চপদ অর্জনই করেননি, আর্থিকভাবেও লাভবান হয়েছেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদের পাহাড় গড়ার তথ্য রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক মামলা ও তদন্ত চলছে।
অ্যাটর্নি জেনারেল জানান, এসব অপরাধের বিচার বিষয়ে বাংলাদেশের আইন এবং দেশীয় ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অবস্থান যুক্তিতর্কে তুলে ধরা হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের কী ধরনের শাস্তি দেওয়া হয়েছে, তাও আদালতে উপস্থাপন করা হবে।


