
গণঅভ্যুত্থানের পর গণতন্ত্রকে ধ্বংস করার প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় তিনি ঐতিহাসিক ৭ নভেম্বরের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান।
মির্জা ফখরুল জানান, বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিক এবং দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্তকে বানচাল করে দিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী থেকে উদ্ধার করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেন।
মির্জা ফখরুল আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি চালু করেন জিয়াউর রহমান। এভাবেই শুরু হয় বাংলাদেশের অগ্রযাত্রা। তিনি যে ভিত্তি স্থাপন করেছিলেন, তার মাধ্যমে দেশ আজ এগিয়ে যাচ্ছে। ক্ষণজন্মা পুরুষ জিয়াউর রহমান দেশের অগ্রযাত্রার ভিত্তি স্থাপন করেছিলেন।


