
মোহনপুর উপজেলার কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের আসন্ন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। এ নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (৬ জুলাই) বিকেলে সমিতির নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

জানা গেছে, কেশরহাট বহুমুখী ব্যবসায়ী ঐক্য পরিষদের মনোনীত সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মাদ আলী বাচ্চুসহ ১৫টি পদের প্রার্থীরা পর্যায়ক্রমে তাদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা কামরুজ্জামান, সহকারী নির্বাচন কমিশনার খুশবর রহমান ও জেকের আলী, কোষাধ্যক্ষ ওসমান আলী এবং কেশরহাট বাজারের বিভিন্ন ব্যবসায়ী।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ২৩ জুলাই অনুষ্ঠিতব্য এ নির্বাচনে প্রায় ১ হাজার ৫০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে কেশরহাট বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থীরাও ভোটারদের সমর্থন পেতে প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন।
ব্যবসায়ীদের প্রত্যাশা, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে একটি কার্যকর নেতৃত্ব নির্বাচিত হবে, যা কেশরহাট বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


