
হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশনের দায়ে ইরানের সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তাঁর চার সহযোগীকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। জনসমক্ষে পোশাকবিধি লঙ্ঘন এবং অনলাইনে অনৈতিক বিষয়বস্তু প্রকাশের অভিযোগে তাঁদের এ শাস্তি দেওয়া হয়।
সোমবার (২৩ নভেম্বর) তাঁদের আইনজীবী এ তথ্য জানিয়েছেন। ইরানের সংস্কারপন্থি সংবাদমাধ্যম এমতেদাদ আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে। আল মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইনজীবী দলের এক সদস্য জানান, পারাস্তু আহমাদি, কনসার্টে অংশ নেওয়া তিন সংগীতশিল্পী এবং তাঁর প্রযোজককে পবিত্র নগরী কোমে এ শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের ওপর দুই বছরের ভ্রমণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে কোম শহরে হিজাব ছাড়াই একটি কনসার্টে গান পরিবেশন করেন ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি। ওই অনুষ্ঠানে তাঁর পরনে ছিল হাতাকাটা পোশাক। পরে কনসার্টের ভিডিও ইউটিউবে প্রকাশ করা হলে তা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ভিডিওটি এখন পর্যন্ত ৩৩ লাখের বেশি বার দেখা হয়েছে।
কনসার্টের পরপরই তাঁকে গ্রেপ্তার করা হলেও অল্প সময়ের মধ্যে মুক্তি দেওয়া হয়। পরে গত জুনে তাঁকে প্রথম দোষী সাব্যস্ত করা হয় এবং সেপ্টেম্বরে সেই রায় বহাল রাখা হয়।
উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানে জনসমক্ষে নারীদের চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে হিজাববিধি অমান্য করে নারীদের চলাচল বেড়েছে।
বিশেষ করে ২০২২ সালে পুলিশি হেফাজতে এক তরুণীর মৃত্যুর পর হিজাব আইন নিয়ে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর থেকে হিজাব আইন কার্যকর করা নিয়ে সরকার ও সাধারণ মানুষের মধ্যে বিরোধ আরও স্পষ্ট হয়েছে।
এদিকে, গত এক বছরে হিজাব আইন বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। গত অক্টোবরের শেষ দিকে তেহরানের সরকারি কৌঁসুলি আলী সালেহি হিজাবসংক্রান্ত বিধি কার্যকরে ব্যর্থ সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
এর আগেও হিজাব ও শালীনতাসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে ইরানের একাধিক সংগীতশিল্পীকে গ্রেপ্তার ও শাস্তির মুখে পড়তে হয়েছে।


