
পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ, সিঙ্গাপুর ও লন্ডনের মেলায় অংশ নেওয়ার উদ্যোগ
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এসএমই খাতের উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি এ খাতের উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত মেলায় অংশ নেওয়ারও পরিকল্পনা রয়েছে সরকারের।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। এবারের মেলায় দেশের ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।


