
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “আওয়ামী লীগ এক ধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করছে। পুলিশ এ বিষয়ে সতর্ক অবস্থানে আছে। এখন পর্যন্ত সারাদেশে ৭টি বাসে আগুন দেওয়া হয়েছে। আমাদের ধারণা, এই ঘটনাগুলোর পেছনে আওয়ামী লীগের লোকজনই রয়েছে। তিনি বলেন, ডেমরা এলাকা থেকে একজনকে হাতেনাতে ধরা হয়েছে, যার বাড়ি গোপালগঞ্জে। এছাড়া ময়মনসিংহে ঘুমন্ত অবস্থায় একজন বাসচালককে পুড়িয়ে মারা হয়েছে। এসব ঘটনা প্রমাণ করে কেন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হয়েছে। তারা সন্ত্রাসী দল হিসেবে কাজ করছে।”

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় কুমিল্লা চৌদ্দগ্রাম কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, দেশে এখন নির্বাচনের জোয়ার বইছে। কিছু কিছু বিষয়ে মতবিরোধ থাকলেও তা সাময়িক। সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি ইতোমধ্যে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, পাশাপাশি জামায়াতও বিভিন্ন এলাকায় প্রার্থী দিয়েছে। বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী, আমরা একটি ভালো নির্বাচন দেখতে যাচ্ছি। একজন হেভিওয়েট প্রার্থীও ইতিমধ্যে প্রচারণায় নেমেছেন। সর্বত্র পোস্টার-ব্যানারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
তিনি আরো বলেন, নির্বাচনের সময়সূচি নিয়ে শফিকুল আলম বলেন, “নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়েছে। তিন মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনকি তারও আগে হতে পারে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোটের সম্ভাবনা রয়েছে। আমরা সবাইকে আশ্বস্ত করছি, খুব সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে। সাম্প্রতিক চারটি ছাত্র নির্বাচনে ৮০ শতাংশ পর্যন্ত ভোট হয়েছে, যা জনগণের আগ্রহেরই প্রমাণ।”
চৌদ্দগ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জামাল হোসেন ও থানার অফিসার ইনচার্জ মো. হিলাল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।


