
রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা ও স্ত্রী আহতের ঘটনায় অভিযুক্ত লিমন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ভিকটিমকে দোষারোপ করে মিডিয়ায় বক্তব্য দিয়েছেন। এই ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আগামী ১৯ নভেম্বর উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। শনিবার (১৫ নভেম্বর) মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মামুনুর রশীদ এই আদেশ দেন।

আদেশে বলা হয়, বিভিন্ন মিডিয়ার খবরে দেখা গেছে গত বৃহস্পতিবার মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় অভিযুক্ত লিমন মিয়া কৌশলে প্রবেশ করে। এরপর রহমানের পুত্র তাওসিফ রহমানকে (১৭) ধারালো ছুরি দিয়ে আঘাত ও শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে লিমন। এছাড়া তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে ঘটনাস্থল থেকে অভিযুক্ত লিমনকে গ্রেফতার ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে দেখা যায়, অভিযুক্ত লিমন পুলিশি হেফাজতে থাকাবস্থায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য প্রদান করে। যা আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র ৩৯ বিএলডি ৪৭০ সহ বিভিন্ন মামলায় প্রদত্ত সুপ্রিম কোর্টের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।
এমতাবস্থায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ভিকটিমকে দোষারোপ করে মিডিয়ার সামনে বক্তব্য দেয়ার সুযোগ প্রদান করায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ১৯ নভেম্বর স্বশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেয়া করা হলো।


