
সীতাকুণ্ডে অস্ত্র তৈরির সরঞ্জামসহ ছয় মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে দুটি পিস্তল ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ মো. খোরশেদ আলম রনি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুর এলাকার মেশকাত উদ্দিন আহমেদ কলোনিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই কলোনিতে রনির অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করেন অভিযানকারী দলের সদস্যরা।
অভিযানে তার কক্ষ থেকে একটি পুরোনো ম্যাগাজিনবিহীন পিস্তল, একটি পিস্তলসদৃশ বস্তু, পাঁচটি স্টিলের পাইপ, স্ক্রু-ড্রাইভার, ড্রিল মেশিন, টুলবক্সসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি অবৈধভাবে দেশীয় অস্ত্র তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি। পরে উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম জব্দ করে তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, রনির বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।



