
সাবেক প্রেমিক সালমান খানের কাছ থেকে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিরাপদ রাখতে দেহরক্ষী নিয়োগ করা হয়েছিল। তবে মাত্র সাত দিন দায়িত্ব পালনের পরই সেই কাজ ছেড়ে দেন দেহরক্ষী কেতন কারান্দে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দায়িত্ব ছাড়ার পেছনের কারণ জানিয়েছেন তিনি।

‘আর্ট মিডিয়া এন্টারটেইনমেন্ট’ নামের একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কেতন জানান, ২০০২ সালের দিকে সাত দিনের জন্য ঐশ্বরিয়ার ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করেছিলেন তিনি। সে সময় রোহন সিপ্পি পরিচালিত ‘কুছ না কাহো’ সিনেমার শুটিং চলছিল। এতে ঐশ্বরিয়ার বিপরীতে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন।
সাংবাদিক কাভেরী বামজাইয়ের লেখা ‘দ্য থ্রি খানস: অ্যান্ড দ্য ইমার্জেন্স অব নিউ ইন্ডিয়া’ বইয়ে উল্লেখ করা হয়েছে, অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার কাজ করার বিষয়টি মেনে নিতে পারেননি সালমান খান। কেতনের দাবি, মূলত সালমানের কাছ থেকে ঐশ্বরিয়াকে নিরাপদ রাখতেই তাকে দেহরক্ষী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
কেতনের দায়িত্ব ছিল ঐশ্বরিয়াকে বাসা থেকে শুটিং সেটে পৌঁছে দেওয়া। একদিন একটি ফ্যাশন শোতে অংশ নেওয়ার পর ফেরার পথে সালমান খানের মুখোমুখি হন তারা।
কেতন জানান, বিভিন্ন অনুষ্ঠানে অনেক সময় সালমান উপস্থিত হয়ে যেতেন। এমন পরিস্থিতিতে কোনো ধরনের ঝামেলায় না জড়িয়ে ঐশ্বরিয়াকে নিয়ে দ্রুত সেখান থেকে সরে যাওয়াই ছিল তাদের কৌশল। ফ্যাশন শো থেকে ফেরার পথে সালমানকে সামনে দেখে তিনি বেশ ঘাবড়ে গিয়েছিলেন।
এরপরই দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কেতন। এর কারণ হিসেবে তিনি জানান, সালমান ও ঐশ্বরিয়া দুজনেরই ভক্ত তিনি। তাই তাদের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে নিজেকে জড়াতে চাননি।
সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্কের টানাপোড়েন নিয়ে এর আগেও ভারতীয় গণমাধ্যমে নানা ঘটনা প্রকাশিত হয়েছে। কাভেরী বামজাইয়ের বইয়ে শাহরুখ খানের ‘চলতে চলতে’ সিনেমার শুটিং ঘিরে একটি ঘটনার কথাও উঠে এসেছে।
বইয়ে বলা হয়েছে, সিনেমাটির শুটিং সেটে গিয়ে সালমান কাজ বন্ধ করে দেন। এ সময় প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে অস্থির পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে পরিচালক আজিজ মির্জা শুটিং বন্ধ করতে বাধ্য হন। পরবর্তী সময়ে সিনেমাটি থেকে ঐশ্বরিয়াকে বাদ দেওয়ার ঘটনাতেও এর প্রভাব পড়ে বলে বইয়ে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ‘বীর-জারা’ ও ‘ম্যায় হুঁ না’ সিনেমার কাজেও এর প্রভাব পড়েছিল বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯), ‘ঢাই অক্ষর প্রেম কে’ (২০০০) এবং ‘হাম তুমহারে হ্যায় সনম’ (২০০২) সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সালমান খান ও ঐশ্বরিয়া রাই ।


