
রাজশাহী মহানগরীতে আসন্ন নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির পক্ষ থেকে দলটির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলনকে প্রার্থী ঘোষণার প্রতিবাদে এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে একটি বিক্ষোভ মশাল মিছিল করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা।

রোববার (৯ নভেম্বর) রাতে রাজশাহীতে বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে ও আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত নাসির হোসেন অস্থিরের অনুসারী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় রাজশাহীর মাটি, অস্থির ভাইয়ের ঘাটি; পবা-মোহনপুরের মাটি, অস্থির ভাইয়ের ঘাটিসহ মশাল, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।

নগরীর বরেন্দ্র গবেষণা জাদুঘরের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর বাটার মোড়ে গিয়ে শেষ হয়। এতে বক্তব্য দেন মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন ইসলামসহ বেশ কিছু নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মহানগরীতে আসন্ন নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে একজন বিতর্কিত নেতাকে মনোনয়ন দেয়াটা তৃণমুলের নেতাকর্মীরা মেনে নিবে না। তাই আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত নাসির হোসেন অস্থিরকে পুনরায় মনোনয়নের ব্যবস্থার জোর দাবি জানান তারা।
বক্তারা আরো বলেন, ‘দুঃসময় ও দমন-পীড়নের সময় অস্থির ভাই সবসময় নেতাকর্মীদের পাশে ছিলেন। শত মামলায় আইনি সহায়তা, চিকিৎসার খরচ, পারিবারিক সহযোগিতাসহ সব ব্যক্তিগতভাবে করেছেন। আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা আমাদের অনুপ্রাণিত করেছে। অথচ মিলন অতীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন। তার ইন্ধনে বিএনপির একটি মহল ষড়যন্ত্র করে অস্থির ভাইকে মনোনয়ন থেকে বাদ দিয়েছে বলেও জানান বক্তারা।
বিক্ষোভে অংশ নেওয়া কর্মী-সমর্থকরা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপিকে আগলে রাখা ত্যাগী নেতা বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরকে অন্যায়ভাবে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। এ আসনে অস্থিরের বিকল্প কোনও প্রার্থী মেনে নেওয়া হবে না। মিলনের মনোনয়ন বাতিল করে অস্থিরকে প্রার্থী না করলে জোরালো আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।


