
“সড়কে শৃঙ্খলা মানুন, নিরাপদ রাজশাহী গড়ুন” স্লোগানকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উদ্যোগে ট্রাফিক সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। রোববার (ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আরএমপি সদর দপ্তর চত্বরে প্রধান অতিথি হিসেবে ফেস্টুন ও বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন জনগণের সচেতন অংশগ্রহণ। ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ট্রাফিক সপ্তাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হোসেন এবং উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম। আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন। উদ্বোধন শেষে নগরীতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
জানা যায়, ট্রাফিক সপ্তাহকে কেন্দ্র করে নগরের সাহেববাজার জিরোপয়েন্ট, মনিচত্বর, লক্ষ্মীপুর মোড়, গৌরহাঙ্গা এবং ভদ্রা মোড়ে বৃহৎ পরিসরে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব স্থানে নিয়মিত ট্রাফিক পুলিশের পাশাপাশি অতিরিক্ত ৮০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা যান চলাচল নিয়ন্ত্রণ, আইন প্রয়োগ, শৃঙ্খলা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন।
এ কর্মসূচিতে রোভার স্কাউট, বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট এবং নিরাপদ সড়ক চাই-এর সদস্যরাও ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে অংশ নিচ্ছেন। পথচারী ও চালকদের ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব বুঝাতে তারা সার্বক্ষণিক প্রচারণা চালাচ্ছেন।
ট্রাফিক সপ্তাহ চলাকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা, যানবাহনের লাইসেন্স ও ফিটনেস যাচাই, লিফলেট বিতরণ, পথচারীদের আইন বিষয়ে অবহিতকরণ এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে আরএমপি।


