
সাহসী, বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে জাতীয় দৈনিক ‘আজকের দর্পণ’র এক যুগ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা। রোববার (২২ নভেম্বর) বেলা ১১টায় নগরীর অলকার মোড়ের মাস্টারসেফ রেস্টুরেন্টে আজকের দর্পণ রাজশাহী ব্যুরোর উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির রাজশাহী ব্যুরো প্রধান শফিকুল আলম ইমন। সাংবাদিক শাহিনুর রহমান সোনার সঞ্চালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন চেম্বার অব জার্নালিস্ট রাজশাহীর সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান পিপিএম, রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, রাজশাহীর আলো সম্পাদক আজিবার রহমান, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি তোফায়েল আহমেদ, রাজশাহী শিক্ষাবোর্ডের জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা নাইস, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রুবেল, বাংলাদেশ দাবা ফেডারেশন রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক কাওসার আলী ইতি এবং এমএম অনলাইনের স্বত্বাধিকারী ফারহানা লুবনা।
প্রধান অতিথির বক্তব্যে মামুন অর রশীদ বলেন, এক যুগ ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থার জায়গা করে নিয়েছে আজকের দর্পণ। গণতান্ত্রিক সমাজ ও সুস্থ রাজনীতির বিকাশে স্বাধীন ও সাহসী গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। রাজশাহীসহ সারাদেশের মানুষের সুখ-দুঃখ, বঞ্চনা ও উন্নয়নের কথা পত্রিকাটি আরও নির্ভীকভাবে তুলে ধরবে বলে তিনি আশাবাদী।
তিনি বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশ সবার, তাই দায়িত্বও সবার।
আরএমপির উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান পিপিএম বলেন, মহানগরীর নাগরিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ইতিবাচক প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচার পরিহার এবং এর বিরুদ্ধে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের এগিয়ে আসা প্রয়োজন। পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতার জায়গা থেকে আজকের দর্পণ আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, ১২ বছরে পত্রিকাটি নিজেদের অবস্থান তৈরি করেছে, যা ইতিবাচক। রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে বস্তুনিষ্ঠতা, পেশাগত মানোন্নয়ন ও গণমাধ্যমকর্মীদের কল্যাণে আজকের দর্পণ অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল বলেন, পেশাগত ক্ষেত্রে সাংবাদিকদের পরস্পরের প্রতি শ্রদ্ধা ও আন্তরিকতা বজায় রাখতে হবে। দেশ ও জাতির কল্যাণে সব ভেদাভেদ ভুলে সাংবাদিকতা পেশাকে মুখ্য হিসেবে দেখতে হবে। তিনি আজকের দর্পণের এক যুগ পূর্তিতে পত্রিকাটির সব পর্যায়ের কলাকুশলীদের শুভেচ্ছা জানান।
এমএম অনলাইনের সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিক, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজশাহীতে কর্মরত স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


