
মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের ঐতিহ্য বজায় রেখে এবারও মিরপুরের ২২ গজে নামছেন দেশের ক্রিকেটের সাবেক নক্ষত্ররা। আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রীতি ক্রিকেট ম্যাচ। সকাল ১০টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে মহান মুক্তিযুদ্ধের দুই বীর শহীদ ক্রিকেটার শহীদ জুয়েল ও শহীদ মুশতাকের স্মরণে গঠিত দুই দলে ভাগ হয়ে লড়বেন সাবেক তারকারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী এই ম্যাচ উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
এবারের ম্যাচে মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাহমুদ সুজন, আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ রফিক, হাবিবুল বাশার সুমন এবং মোহাম্মদ আশরাফুলের মতো তারকা ক্রিকেটাররা অংশ নেবেন। ইতোমধ্যেই দুই দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
এক নজরে দুই দলের স্কোয়াড:
১. শহীদ জুয়েল একাদশ: শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, মুশফিকুর রহমান বাবু, হারুন উর রশিদ লিটন, তালহা জুবায়ের, সানোয়ার হোসেন, সৈয়দ রাসেল, আনোয়ার হোসেন মনির, এনামুল হক মণি ও রকিবুল হাসান।
কোচ: গোলাম ফারুক সুরু
ফিজিও: আবু হানিফ
টিম সহকারী: মিলন খান
২. শহীদ মুশতাক একাদশ: হান্নান সরকার, নাদিফ চৌধুরী, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল, জাহাঙ্গীর আলম, তুষার ইমরান, মাহবুবুল আলম রবিন, সাজিদুল ইসলাম ও জামাল বাবু।
কোচ: দিপু রায় চৌধুরী
ফিজিও: এনামুল হক
টিম সহকারী: আলমগীর হোসেন


