
আপিলের সুযোগ পাচ্ছে সান্তোস
প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। ব্রাজিলের ক্রীড়া বিচারবিষয়ক আদালতের শৃঙ্খলা কমিটি বুধবার (২৮ অক্টোবর) শুনানি শেষে এ সিদ্ধান্ত নেয়। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে নেইমারের ক্লাব সান্তোস।

ব্রাজিলিয়ান লিগে বাহিয়ার বিপক্ষে ম্যাচে ‘ভিনি জুনিয়র প্রটোকল’ লঙ্ঘনের অভিযোগে শাস্তি পেয়েছেন নেইমার। ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর আগে বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কে জড়ান তিনি। একপর্যায়ে হাত দিয়ে মুখ ঢেকে কথা বললে রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখান।
ম্যাচের অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী, লাল কার্ড দেখার পরও উত্তেজিত হয়ে বাহিয়ার বেঞ্চের দিকে ছুটে যান নেইমার। এ ঘটনায় ব্রাজিলের ক্রীড়া বিচারবিধির ১৯১ নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
শৃঙ্খলা কমিটির মতে, নেইমারের আচরণ ফিফার শৃঙ্খলাবিধিতে উল্লেখিত ‘ভিনি জুনিয়র প্রটোকল’-এর ৭ নম্বর বিধান লঙ্ঘন করেছে। বর্ণবাদী বা আপত্তিকর মন্তব্য আড়াল করে কথা বলার প্রবণতা ঠেকানো এই নিয়মের অন্যতম উদ্দেশ্য।
লাল কার্ডের কারণে নিয়ম অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন নেইমার। এর সঙ্গে আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা যোগ হওয়ায় সান্তোসের পরবর্তী তিন ম্যাচে খেলতে পারবেন না তিনি।
এই শাস্তির কারণে নভেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতির পরও একটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে ব্রাজিলিয়ান এ তারকাকে। তবে লিগের শেষ তিন রাউন্ডে নেইমারকে দলে পাওয়ার আশা করছে সান্তোস।


