
ইরান যুদ্ধ নিয়ে ডেমোক্র্যাটদের সমালোচনায় ট্রাম্প
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা এবং মার্কিন পুঁজিবাজারে দরপতনের জন্য বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় এবং ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্যে যোগসূত্র তুলে ধরেছেন তিনি। শনিবার (২১ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি দুটি পূর্বাভাস দিয়েছিলেন।
তার দাবি, ডেমোক্র্যাটরা নির্বাচনে জয়ী হলে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হবে এবং ইরান তাদের আক্রমণাত্মক কর্মকাণ্ড বাড়িয়ে দেবে। তার মতে, দুটি ঘটনাই বাস্তবে ঘটেছে। পোস্টে ট্রাম্প আরও দাবি করেন, গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে গত সপ্তাহে ইরান সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও উল্লেখ করেন তিনি। ইরানের নেতারা ডেমোক্র্যাটদের দুর্বল ও অকার্যকর মনে করেন বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর নির্দেশ দেন ট্রাম্প। ওই অভিযানের বিরোধিতা করেছিলেন মার্কিন কংগ্রেসের হাউস ও সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা। তবে সে সময় দুই কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের বিরোধিতা কার্যকর হয়নি।
তবে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর মার্কিন প্রতিনিধি পরিষদের চিত্র বদলে গেছে। নির্বাচনে ৪৩৫টি আসনের মধ্যে ২৫৮টিতে জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। ১৯৯২ সালের পর এটিকে দলটির সর্বোচ্চ নির্বাচনী সাফল্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
নতুন মেয়াদে প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্রেটিক পার্টির নেতা হাকিম জেফরির মনোনয়নও এ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আগামী ৩ জানুয়ারি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, শনিবার নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেফরি বলেছেন, নতুন মেয়াদ শুরু হলে ইরান যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেবে ডেমোক্রেটিক পার্টি। তার ভাষায়, এই যুদ্ধ বেপরোয়া ও ব্যয়বহুল।


