
আজ ১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। জীবদ্দশায় দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে তিন দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন খালেদা জিয়া।
স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় কারাবাস, মামলা, রাজনৈতিক নিপীড়ন ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও নিজের অবস্থানে অটল থাকায় তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পান।

জীবনের শেষ বছরগুলোতে গুরুতর অসুস্থতায় ভুগেছেন খালেদা জিয়া। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবার ও দল দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসার সুযোগ নিয়ে নানা অভিযোগও তুলে ধরেছিল।
তাঁর জন্মদিনে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা নানা কর্মসূচির মাধ্যমে সাবেক এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করছেন।


