
রাজশাহী বিভাগের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, প্রশাসনিক সমন্বয় জোরদার, জনসেবার মানোন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী বিভাগের সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়, সরকারি সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জনসাধারণের প্রত্যাশা ও প্রয়োজনের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

আলোচনায় অংশ নেওয়া সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা নিজ নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন সমস্যা, সম্ভাবনা এবং নাগরিক সেবার সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। তারা চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, নতুন প্রকল্প গ্রহণ, সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এবং নওগাঁ-২ আসনের সংসদ সদস্য এনামুল হক।
এ ছাড়া রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, মহানগর ত্রাণবিষয়ক সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ, মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, জেলা সেক্রেটারি গোলাম মর্তুজাসহ স্থানীয় রাজনৈতিক নেতারা সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।
বক্তারা বলেন, রাজশাহী বিভাগের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করা গেলে জনগণ দ্রুত এর সুফল ভোগ করতে পারবে।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ বলেন, রাজশাহী বিভাগের উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন প্রকল্প সময়মতো বাস্তবায়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি জনস্বার্থে গৃহীত প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে রাজশাহী বিভাগের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারি সেবার মান আরও বৃদ্ধি পাবে।


