
রাজশাহী স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
রাজশাহীর মোহনপুরে গভীর রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের করিশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তাঁর পিতার নাম কোঁকড়া।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন শেফালী বেগম। গভীর রাতে বাড়ির পাশে শব্দ শুনে ঘুম ভাঙে তাঁর ছেলে মো. নবাব আলীর। ঘর থেকে বাইরে বের হওয়ার সময় তিনি দেখতে পান, বাড়ির বাইরের গেট লাগানো রয়েছে, কিন্তু তাঁর মা ঘরে নেই।
এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তী সময়ে শেফালী বেগমের মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ময়নাতদন্তের পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের হত্যাকাণ্ড মোটেই কাম্য নয়।’



