
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রাজশাহী শাখা। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের ১ নম্বর বার ভবনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী আবুল কাশেম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জজ কোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট মাইনুল আহসান পান্না, বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, রাজশাহী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রইসুল ইসলাম এবং রাজশাহী মহানগর জজ আদালতের পিপি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম। এ ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বার অ্যাসোসিয়েশনের নেতারা এবং অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর রাজনৈতিক জীবন ও রাজশাহীর উন্নয়নে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, রাজশাহীর রাজনীতি ও উন্নয়নে মিনুর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর মতো অভিজ্ঞ রাজনীতিকের সুস্থতা ও সক্রিয় ভূমিকা দেশ ও জাতির জন্য প্রয়োজন। এ সময় তাঁরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া চান।
বক্তব্য শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী সব মুসলিমের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং বিএনপির অন্য নেতাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


