
রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। বুধবার (২৫ নভেম্বর) বিকালে নগরীর আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গণকপাড়া মোড়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। বক্তব্যে নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনগণের উদ্বেগ ও ক্ষোভের কথা তুলে ধরেন। তারা বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, দায়িত্বশীল ভূমিকা পালনের পরিবর্তে বিএনপি রাজনৈতিক পরকীয়ায় লিপ্ত হচ্ছে।
নেতারা বলেন, রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতাকেন্দ্রিক কর্মকাণ্ডের পরিবর্তে জনগণের অধিকার, নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে দেশের শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনসচেতনতা এবং গণপ্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দীন সরকারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় শূরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল ও আ.স.ম. মামুন শাহীন, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ, মহানগর শিল্প ও বাণিজ্যবিষয়ক সেক্রেটারি সারোয়ার জাহান প্রিন্সসহ সংগঠনের নেতাকর্মীরা।


