
আগের রেকর্ড ছাড়ানোর সম্ভাবনা; দানের স্রোতে আবারও আলোচনায় ঐতিহাসিক মসজিদ
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দানের স্রোত যেন থামছেই না। প্রায় পাঁচ মাস পর শনিবার মসজিদের দানবাক্স খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। সকাল সাড়ে ৯টায় গণনা শুরু করে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় গণনা করা হয়েছে ১০ কোটি টাকা। বাকি টাকা গণনা শেষ হলে এবার দানের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়। প্রায় পাঁচ মাস ধরে জমে থাকা দান গণনা করতে গিয়ে পাওয়া যায় ৫১ বস্তা টাকা। পরে সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে গণনা শুরু হয়।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনার তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ। গণনা করা টাকা পুলিশ পাহারায় ব্যাংকে পাঠানো হয়েছে।
টাকার পরিমাণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে গণনা ও নিরাপত্তার আয়োজনও। এ কাজে অংশ নিয়েছেন জামিয়া ইমদাদিয়া মাদরাসার ৩০০ শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদরাসার ৯০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ কর্মকর্তা, মসজিদের ৩৫ কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ কর্মচারী। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে সাত সদস্যের উপকমিটি গণনা কার্যক্রম পরিচালনা করছে।
নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসনের ১৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ পুলিশ সদস্য, ৮ জন SRB সদস্য ও ১০ ব্যাটালিয়ন আনসার সদস্য।
এর আগে গত ২৭ জুন সর্বশেষ দানবাক্স খোলা হয়েছিল। সেদিন ১৩টি সিন্দুক থেকে পাওয়া ৪৩ বস্তা টাকা গণনা শেষে দেশি মুদ্রায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। পাশাপাশি মিলেছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও বিভিন্ন সামগ্রী। এবার পাঁচ মাস পর ৫১ বস্তা টাকা পাওয়ায় আগের সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
দানবাক্সের অর্থ ছাড়াও পাগলা মসজিদের তহবিলে রয়েছে বিপুল অর্থ-সম্পদ। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আগে মসজিদের তহবিলে জমা ছিল ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। অনলাইনে দান হিসেবে জমা রয়েছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।
গত ১২ অক্টোবর মসজিদের সিলগালা করা সিন্দুক খুলে পাওয়া যায় প্রায় ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা। পরে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে। স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণ এবং নিলামের কার্যক্রম চলমান রয়েছে। দ্রুত এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
প্রায় আড়াইশ বছরের পুরোনো পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত। ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষের কাছে মসজিদটি পরিচিত এক আধ্যাত্মিক স্থান হিসেবে। প্রচলিত বিশ্বাস, এখানে মানত করলে মনোবাসনা পূরণ হয়। সেই বিশ্বাস থেকেই রোগমুক্তি, উচ্চশিক্ষা, সন্তান লাভসহ নানা প্রত্যাশায় মানুষ দান করেন। দানবাক্সে টাকা-পয়সার পাশাপাশি জমা পড়ে স্বর্ণালংকার ও বিভিন্ন সামগ্রীও। প্রতি দফায় দানবাক্স খোলার পর বিপুল অর্থ ও সম্পদ পাওয়ার ঘটনা মসজিদটিকে দেশজুড়ে আলোচনায় রাখে।


