
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, বায়োগ্যাস ও বর্জ্যভিত্তিক জ্বালানিতে গুরুত্ব; নীতি সংলাপে এমপি মিলন
রাজশাহী অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির বিপুল সম্ভাবনা কাজে লাগাতে সরকারি-বেসরকারি ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, কমিউনিটিভিত্তিক সৌর উদ্যোগ, বায়োগ্যাস ও বর্জ্যভিত্তিক জ্বালানি ব্যবস্থার প্রসারে জনবান্ধব পরিকল্পনার তাগিদ দিয়েছেন আলোচকরা। একই সঙ্গে জ্বালানি রূপান্তরে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও তরুণদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টে ‘জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর’ শীর্ষক স্থানীয় নীতি সংলাপে এসব কথা উঠে আসে। ‘আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা’ প্রতিপাদ্যে পরিবর্তন, হিউম্যান ইকোনমিক ডেভেলপমেন্ট সোর্স (হেডস) ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) যৌথভাবে এ সংলাপের আয়োজন করে। এতে সহযোগিতা করে একশনএইড বাংলাদেশ।
সংলাপে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, রাজশাহী অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। ইতোমধ্যে তাঁর নির্বাচনী এলাকার পবা-মোহনপুর অঞ্চলে নতুন করে পৌর বিদ্যুৎ স্থাপন করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের প্রসারে বিভিন্ন উদ্যোগ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সনাকের সভাপতি অধ্যাপক দীপকেন্দ্রনাথ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবর্তনের নির্বাহী পরিচালক রাশেদ রিপন, হিউম্যান ইকোনমিক ডেভেলপমেন্ট সোর্সের (হেডস) নির্বাহী পরিচালক হাসিবা খাতুন জাহেদা এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) উপদেষ্টা কমিটির সদস্য ও স্রেডার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার নাজিয়া ইয়াসমিন। এ ছাড়া মোহাম্মদ ইব্রাহিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজ, যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপে স্থানীয় জ্বালানি বাস্তবতা, ক্রমবর্ধমান চাহিদা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও পরিবেশগত সংকট পর্যালোচনার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় নাগরিক দাবিনামা উপস্থাপন এবং জনগণকেন্দ্রিক জ্বালানি সমাধানের সুযোগগুলো জাতীয় নীতিনির্ধারণের সঙ্গে যুক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
উন্মুক্ত আলোচনা পর্বে রাজশাহীর সরকারি-বেসরকারি ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন, কমিউনিটিভিত্তিক সৌর উদ্যোগ, বায়োগ্যাস ও বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং স্থানীয় তরুণদের দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন অংশগ্রহণকারীরা।


