
বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া এবং মুসলিমদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কোচবিহারের রাসমেলা উদ্বোধন অনুষ্ঠানে জেলার পুলিশ প্রশাসনকে এ নির্দেশ দেন তিনি।
বক্তব্যে শুভেন্দু অধিকারী বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের শনাক্ত করার কথা বলেন। বিশেষ করে মুসলিম অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে যে পথে তারা প্রবেশ করেছেন, সেই পথেই ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অন্যদিকে, ধর্মীয় কারণে জীবন রক্ষার তাগিদে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অনুপ্রবেশকারী না ধরে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার কথা বলেন তিনি।

এ ছাড়া ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানো ও কাঁটাতারের বেড়া নির্মাণ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মাদক ও জাল নোট পাচার, গবাদিপশু পাচার, নারী সুরক্ষা এবং গরু হত্যার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।
রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কোচবিহারের উন্নয়ন, বিমানবন্দর, হাসপাতাল, শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো এবং ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনার সংস্কার ও সৌন্দর্যায়নের পরিকল্পনাও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি সামাজিক সুরক্ষা প্রকল্প ও শিক্ষিত বেকারদের জন্য ভরসা প্রকল্প বাস্তবায়নে স্থানীয় বিধায়কদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
বাংলাদেশ থেকে আসা মানুষের ক্ষেত্রে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে শরণার্থী ও অনুপ্রবেশকারী হিসেবে পৃথক বিবেচনার বিষয়ে কী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে, তা বক্তব্যে স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী।


