
নারীর প্রতি সহিংসতা বন্ধ, মর্যাদা রক্ষা ও নিরাপদ সমাজ গঠনের আহ্বানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব রাজশাহীর উদ্যোগে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

র্যালিতে নেতৃত্ব দেন ক্লাবের সভাপতি সৈয়দা জিন্নাত তানজিম। এ সময় ক্লাবের সাবেক সভাপতি ডা. নাদিরা বেগম, সাধারণ সম্পাদক ডা. মারজানা সাবিহা ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
র্যালি থেকে নারীর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন, বৈষম্য ও হয়রানি বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। একই সঙ্গে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রসহ সমাজের প্রতিটি স্তরে নারীর নিরাপত্তা, সম্মান ও সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ক্লাবের সভাপতি সৈয়দা জিন্নাত তানজিম বলেন, ‘নারীর প্রতি সহিংসতা শুধু একজন নারীর ব্যক্তিগত সমস্যা নয়, এটি পুরো সমাজের জন্য একটি বড় সংকট। নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে নারীর প্রতি সম্মানজনক আচরণ ও সহিংসতার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। আসুন, নারী ও কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলি।’


