
নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের গঠনমূলক ও পুনর্গঠনমূলক কাজে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে জাতীয়তাবাদী যুবদল কাজ করবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

যুবদলের ভবিষ্যৎ ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, তারেক রহমান উৎপাদন, উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক সুরক্ষার যে নতুন রাজনীতির সূচনা করেছেন, তা বাস্তবায়নে জাতীয়তাবাদী যুবদল গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দেশের গঠনমূলক ও পুনর্গঠনমূলক কাজ এবং মানুষের আর্থিক উন্নয়নে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে সংগঠনটি কাজ করে যাবে।
যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ৪৮ বছর আগে জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদী যুবদলের যাত্রা শুরু হয়। দীর্ঘ পথপরিক্রমায় সংগঠনটি দেশের তরুণদের অন্যতম বৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
বিগত সরকারের সময় যুবদলের নেতাকর্মীরা দমন-পীড়নের শিকার হয়েছেন দাবি করে রিজভী বলেন, রাজপথের আন্দোলনের কারণে অনেক নেতাকর্মীকে মাসের পর মাস কারাগারে থাকতে হয়েছে। রাজনৈতিক কারণে অনেকের বিরুদ্ধে কঠোর সাজাও দেওয়া হয়েছে। এরপরও তাঁরা গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক দায়িত্ব থেকে পিছিয়ে যাননি।
তিনি বলেন, গণতন্ত্রের আন্দোলন, মানুষের অধিকার রক্ষা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি বিএনপির শক্তিশালী অগ্রবাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
যুবদলের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, আবদুল মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়ন ছাত্রজীবন থেকে ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে বর্তমান অবস্থানে এসেছেন। তাঁদের নেতৃত্ব যুবদলের ঐক্য সুসংহত করার পাশাপাশি বিগত সরকারবিরোধী আন্দোলনেও ভূমিকা রেখেছে।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টার দিকে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপির নেতৃত্বে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তাঁরা ফাতেহা পাঠ করেন।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ দল ও যুবদলের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


