
অটোরিকশায় তল্লাশি, প্যান্টের দুই পাশ থেকে অস্ত্র উদ্ধার; খুলনায় বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল
রাজশাহীর গোদাগাড়ীতে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কের সারইল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শাহিন আলী (৩৮) ও জমিনপুর গ্রামের পিংকি খাতুন (২৮)।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে রাজশাহীর পুলিশ সুপার মামুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীর সারইল এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় শাহিন আলীর পরনের প্যান্টের দুই পাশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ এমএমের দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে অস্ত্রগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে খুলনায় নিয়ে যাচ্ছিলেন তাঁরা। এ ঘটনায় গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


