
কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের বারান্দায় আগুন ধরলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মুখ কাপড়ে ঢেকে কয়েকজন ব্যক্তি দুদক কার্যালয়ের বারান্দা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। পরে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে জানা গেছে। তবে হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে সদর থানার পুলিশ কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
দুদক কিশোরগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন জানান, হামলাকারীরা পরপর কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। সেগুলো কার্যালয়ের গ্রিলের ফাঁক দিয়ে বারান্দায় গিয়ে পড়ে এবং সেখানে আগুন ধরে যায়। তবে আগুন নিভে যাওয়ায় কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।


