
তালা ভেঙে জিম্মি, ১০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুটের অভিযোগ
রাজশাহীর পুঠিয়ায় কারাগারে থাকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদের বাড়িতে গভীর রাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে তার স্ত্রী ও দুই ছেলেকে জিম্মি করে নগদ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।
আব্দুস সামাদের স্ত্রী রুনা বেগম অভিযোগ করেন, ঘটনার সময় তিনি ও তার দুই ছেলে বাড়িতে ছিলেন। গভীর রাতে কয়েকজন লোক বাড়িতে এসে গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের তিন সদস্যকে জিম্মি করে ঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় তারা। পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এর মধ্যে দুর্বৃত্তরা বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, নাশকতাসহ রাষ্ট্রবিরোধী একাধিক মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের সাবেক নেতা আব্দুস সামাদ বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।


