
আহত অন্তত ২৮; জাজানে দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় ১১ শিশুসহ ৪১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন নারীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ এ তথ্য জানিয়েছে।

আল-মাসিরাহর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সৌদি বিমান বাহিনী এ হামলা চালায়। তবে ইয়েমেনের কোন কোন এলাকায় হামলা হয়েছে, তা প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। নিহত ও আহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে একই দিনে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাজান এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্র ও বন্দরে হামলার দাবি করেছে হুথি বাহিনী। সংগঠনটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী এক বিবৃতিতে জানান, হুথি যোদ্ধারা জাজানের আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র ও জাজান বন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছেন। হামলাগুলো সরাসরি ও নিখুঁত ছিল এবং এতে সৌদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
হুথি মুখপাত্র আরও জানান, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশ ও লোহিত সাগরের তীরবর্তী মোখা শহরের বিদ্যুৎকেন্দ্রে সৌদি হামলার জবাবে এ পাল্টা আক্রমণ চালানো হয়েছে।
তবে ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, শুক্রবার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জাজান লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছে জোট। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এ ঘটনাগুলো এমন সময়ে ঘটেছে, যখন হুথি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। উভয় পক্ষই বিভিন্ন ফ্রন্টে পরস্পরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
সূত্র: সিনহুয়া


