
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শেখ হাসিনা আসিব আসিব বলেন—কখনো নভেম্বরে, আবার ডিসেম্বরে আসার কথা বলা হচ্ছে। কিন্তু তিনি কবে আসবেন, তা জানা নেই। এ নিয়ে সরকারের কোনো চাপ বা মনোযোগ নেই। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা দেশে ফিরতে পারেন। এ বিষয়ে ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। ভারত বিষয়টি আইন অনুযায়ী পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত থেকে ষড়যন্ত্র করছেন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁরা সরকারের নজরদারিতে রয়েছেন এবং ইতিমধ্যে কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, তদন্ত, চার্জশিট ও বিচারিক কার্যক্রম শেষে আদালতের রায় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, মজুরি নির্ধারণের পরও যারা আন্দোলন করছেন, তাদের সবাই শ্রমিক নন। আন্দোলনের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শক্তি লকডাউন ও শাটডাউনের কর্মসূচি দিলেও দেশের মানুষ তা মেনে নেবে না। বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। সাধারণ মানুষের প্রাণহানি এড়াতে সরকার কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। তবে কেউ ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালালে কঠোরভাবে তা মোকাবিলা করা হবে।
গোপালগঞ্জে কোনো প্রাণহানি ছাড়াই পরিস্থিতি মোকাবিলার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিতাড়িত ফ্যাসিস্ট শক্তি কখনো রাজনীতিতে ফিরতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। কেউ উগ্রবাদী বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


