
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলাম, ছিলেন এনসিপির চার নেতা
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন দলটির নেতারা। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। প্রায় দেড় ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে বৈঠক শেষ হয়। পরে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপির প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুপুর ১টায় এনসিপির একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে বসেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহদী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।


