
পৈতৃক ভিটায় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠাসহ সরকারের কাছে পাঁচ দফা স্মারকলিপি
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের রাজশাহীর মিঞাপাড়ার পৈতৃক বসতভিটা ভাঙার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা এবং অবশিষ্ট জমি ও স্থাপনা সংরক্ষণের দাবি উঠেছে। এ দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন চলচ্চিত্রকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, শিল্পী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়া হয়। এতে ঐতিহাসিক বসতভিটা সংরক্ষণ, দায়ীদের শাস্তি এবং সেখানে ঋত্বিক ঘটকের নামে চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠাসহ পাঁচ দফা দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়েছে।
স্মারকলিপির অনুলিপি ভূমি, সংস্কৃতি, তথ্য ও সম্প্রচার এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), রাজশাহী রেঞ্জের ডিআইজি ও রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে পাঠানো হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, ঋত্বিক কুমার ঘটক বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী নির্মাতা। ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘সুবর্ণরেখা’ ও ‘তিতাস একটি নদীর নাম’-এর মতো চলচ্চিত্র বিশ্ব সিনেমার অমূল্য সম্পদ। দেশভাগের অভিঘাতে কলকাতায় চলে যাওয়ার আগপর্যন্ত রাজশাহীর মিঞাপাড়ার পৈতৃক বাড়িতেই তার শৈশব, কৈশোর ও তারুণ্যের শুরুর সময় কেটেছে। ফলে বাড়িটি শুধু ব্যক্তিগত সম্পত্তি নয়, বাংলাদেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন।
স্মারকলিপিতে বসতভিটা ভাঙার ঘটনাপ্রবাহ তুলে ধরে বলা হয়, ২০০৮ সাল থেকে ঋত্বিক ঘটক চলচ্চিত্র সংসদ ওই বাড়ির অবশিষ্ট অংশের পাশে চলচ্চিত্র উৎসব, সম্মাননা পদক প্রদানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করে আসছে। ২০১৯ সালে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সাইকেল গ্যারেজ নির্মাণের জন্য বাড়িটির একটি অংশের দেয়াল ভাঙতে শুরু করলে প্রতিবাদ গড়ে ওঠে। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে ভাঙার কাজ বন্ধ হয়।
এরপর ২০২১ সালে জেলা প্রশাসনের উদ্যোগে বসতভিটার অবশিষ্ট অংশ সংরক্ষণে ৫১ লাখ ৫৬ হাজার ৪০১ টাকা ৬২ পয়সার প্রাক্কলন তৈরি করা হলেও অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজ বাস্তবায়িত হয়নি। ২০২৪ সালের ৯ এপ্রিল জেলা প্রশাসক অবশিষ্ট বসতভিটাসহ ০.১৬০৩ একর জমি সংরক্ষণের উদ্যোগ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে জমিটি অবমুক্ত করার আবেদন জানান। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী কয়েক দিনের মধ্যে বসতভিটার অবশিষ্ট কক্ষগুলো ভেঙে ফেলা হয় বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়েও প্রশ্ন তুলেছেন স্মারকলিপিদাতারা। তাদের দাবি, ২০২৪ সালের ২২ আগস্ট প্রকাশিত তদন্ত প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ উপেক্ষা করা হয়েছে। তদন্তপ্রক্রিয়ায় স্বার্থের সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, গত ১৭ নভেম্বর আবারও বসতভিটার অবশিষ্ট অংশ ভাঙার চেষ্টা করা হয়। সংশ্লিষ্টরা বাধা দিলে শ্রমিকেরা জায়গাটি পরিষ্কারের নির্দেশ পাওয়ার কথা জানান। কিন্তু সেখানে গিয়ে দেখা যায়, পরিষ্কারের নামে স্থাপনাটির একটি দেয়ালের উল্লেখযোগ্য অংশ ভেঙে ফেলা হয়েছে।
স্মারকলিপিতে পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—বসতভিটা ভাঙার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও তদন্তসাপেক্ষে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি; অবশিষ্ট ০.১৬০৩ একর জমি সংরক্ষণ করে চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার জন্য দ্রুত অবমুক্ত করা; ১৯৮৭-৮৮ সালের দিকে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অনুকূলে দেওয়া জমির ইজারা পুনর্বিবেচনা ও বাতিল করে সরকারি বা জেলা প্রশাসনের অধীনে সংরক্ষণ; জমির চারদিকে সীমানাপ্রাচীর, গেট ও সংরক্ষিত এলাকা হিসেবে সাইনবোর্ড স্থাপন এবং ভবিষ্যতে সেখানে ‘ঋত্বিক কমপ্লেক্স’ নির্মাণ।
প্রস্তাবিত কমপ্লেক্সে ঋত্বিক ঘটক চলচ্চিত্র কেন্দ্র ও ফিল্ম ইনস্টিটিউট, চলচ্চিত্র সংগ্রহশালা বা সাংস্কৃতিক জাদুঘর, স্টুডিও, সেমিনার হল, সিনেপ্লেক্স, প্রদর্শনী গ্যালারি, চলচ্চিত্রবিষয়ক গবেষণাগার, গ্রন্থাগারসহ চলচ্চিত্র ও সংস্কৃতিকর্মীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গড়ে তোলার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিদাতারা বলেন, ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণ শুধু একজন চলচ্চিত্রকারের স্মৃতিরক্ষা নয়, এটি দেশের চলচ্চিত্র ঐতিহ্য, সাংস্কৃতিক ইতিহাস ও ভবিষ্যৎ প্রজন্মের সাংস্কৃতিক শিক্ষার সঙ্গে সম্পর্কিত। তাই বিষয়টিকে জমি বা স্থাপনা-সংক্রান্ত বিরোধ হিসেবে না দেখে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের দায়িত্ব হিসেবে বিবেচনা করা উচিত।
ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহীসহ চলচ্চিত্র নির্মাতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চলচ্চিত্র সংসদ, সামাজিক-সাংস্কৃতিক ও যুব সংগঠনের প্রতিনিধিরা স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন।


