
রাজশাহীতে ছেলে শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াতে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) নগরীর হোটেল ওয়ারিশানে “নীরবতা ভাঙুন, ছেলে শিশুদের সুরক্ষা দিন এবং পরিবারকে শক্তিশালী করুন” প্রতিপাদ্যে আয়োজিত এ সংলাপের আয়োজন করে এসিডি (অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট)। এতে সহযোগিতা করে ফ্যামিলি ফর এভরি চাইল্ড।
সংলাপে বক্তারা বলেন, ছেলে শিশুরাও যৌন সহিংসতার শিকার হলেও সামাজিক সংকোচ, নীরবতা ও প্রচলিত জেন্ডার ধারণার কারণে অনেক ক্ষেত্রেই তারা সহায়তা চাইতে পারে না। ফলে বিষয়গুলো আড়ালেই থেকে যায় এবং ভুক্তভোগীরা দীর্ঘমেয়াদি মানসিক সংকটে পড়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাতিল সিরাজ। আলোচনায় অংশ নেন সফিউদ্দিন আহম্মেদ, ড. আইনাল হক, কাজী শাহেদ ও মামুন-অর-রশীদ।
প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পাল–এর সঞ্চালনায় বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন। বক্তারা শিশু সুরক্ষা ব্যবস্থাকে আরও জেন্ডার-সংবেদনশীল করার পাশাপাশি নিরাপদ অভিযোগ জানানোর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, ছেলে শিশুদের সুরক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সংবাদ প্রকাশে শিশুদের পরিচয় গোপন রাখা, মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা এবং সারভাইভার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান বক্তারা।
সংলাপ থেকে শিশুদের জন্য নিরাপদ, সহিংসতামুক্ত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সচেতনতা কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানানো হয়।


