
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় হাইকোর্টের রায়ে স্বপ্না খাতুন মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন। তবে তার স্বামী সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আপিলের রায়ে এ সিদ্ধান্ত দেন।
রায় ঘোষণার সময় আদালত জানান, শিশুটির ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় নিম্ন আদালত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তবে আপিলের শুনানি শেষে স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয় এবং সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুই আসামির আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন হাইকোর্ট।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।


