
এনজিও পরিচালকের সঙ্গে বিরোধের জেরে মামলা দাবি মহানগর নেতার; অভিযোগের সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থার আশ্বাস জেলা নেতার
রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার পলাশ আহমেদ এনসিপির তানোর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বলে দলীয় সূত্রে জানা গেছে।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কাউন্সিল মোড়সংলগ্ন উদুমনা পুকুরের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। বাদীর অভিযোগ, একটি সামাজিক সংগঠনে চাকরির সুবাদে পলাশ তাঁকে বিভিন্ন সময় উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতেন। ঘটনার দিন অফিস থেকে বাড়ি ফেরার পথে তাঁকে জাপটে ধরে শারীরিক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।
পরে স্থানীয়দের সহায়তায় ওই নারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি বলে আদালতে করা আরজিতে অভিযোগ করেন বাদী। পরে তিনি আদালতের শরণাপন্ন হন। এ ঘটনায় রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১-এ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় ৬৭/২০২৬ নম্বর মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশনায় পরিচালিত অনুসন্ধান প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। পরে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে, এ ঘটনা নিয়ে এনসিপির নেতাদের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু কালবেলাকে বলেন, ‘তানোরের ওই কমিটি সম্পর্কে আমি বিস্তারিত জানি না। বিষয়টি জানার পর তানোর উপজেলার দায়িত্বশীল নেতাদের অবহিত করেছি। তাঁরা খোঁজ নিয়ে প্রকৃত তথ্য জানাবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে, রাজশাহী মহানগর এনসিপির সদস্যসচিব আতিকুর রহমানের দাবি, এনজিও পরিচালকের সঙ্গে পূর্ববিরোধের জেরে পলাশকে ফাঁসাতে ধর্ষণচেষ্টার মামলাটি করা হয়েছে।
তিনি কালবেলাকে বলেন, এনসিপির তানোর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পলাশ আহমেদ প্রায় ১০ মাস আগে ফেমাস নামের একটি এনজিওতে চাকরি করতেন। চাকরি ছেড়ে দেওয়ার পরও এনজিওর পরিচালক আশরাফুল ইসলাম তাঁকে ছাড়তে চাননি। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর আগে পলাশের বিরুদ্ধে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা করা হয়েছিল। তবে তদন্তে অভিযোগের পক্ষে উপযুক্ত প্রমাণ না পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা তাঁকে অব্যাহতি দেন বলে তাঁরা জানতে পেরেছেন।
আতিকুর রহমান আরও বলেন, প্রায় চার মাস আগে এনজিও পরিচালক আশরাফুল ইসলাম তাঁর প্রতিষ্ঠানের এক নারী কর্মীর সঙ্গে তানোরের মুন্ডুমালা পৌরসভায় একটি কক্ষে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হন। ওই ঘটনার ভিডিও পলাশ আহমেদ সরাসরি প্রচার করেন। এতে ক্ষুব্ধ হয়ে আশরাফুল ইসলাম পলাশের বিরুদ্ধে মানহানির আরেকটি মামলা করেন, যা এখনো চলমান।
আতিকুর রহমানের অভিযোগ, ওই ঘটনার প্রতিশোধ নিতেই সংশ্লিষ্ট নারীকে দিয়ে পলাশের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করানো হয়েছে।
তবে মামলার বাদী, এনজিও পরিচালক আশরাফুল ইসলাম এবং গ্রেপ্তার পলাশের বক্তব্য পাওয়া যায়নি।


