
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট উপজেলা প্রেসক্লাবের ঐতিহ্য ও গৌরবের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় চারঘাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার চারঘাট প্রতিনিধি ও চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, দৈনিক রাজশাহী প্রতিদিন পত্রিকার চারঘাট পৌর প্রতিনিধি ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আমিনুল হক।

সভাপতির বক্তব্যে মোজাম্মেল হক বলেন, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত চারঘাট উপজেলা প্রেসক্লাব দীর্ঘ পথচলায় নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ একটি ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠনে পরিণত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র গণমাধ্যমে তুলে ধরতে ভূমিকা রেখে আসছে। আগামীতেও সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ ধারণ করে সংগঠনের ঐতিহ্য ও গৌরব অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলা টিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান বিজয় কুমার ঘোষ তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে। চারঘাট উপজেলা প্রেসক্লাবের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সকল সাংবাদিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার চারঘাট প্রতিনিধি ও চারঘাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মৌসুমী দাস, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, দৈনিক বার্তা পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, দৈনিক রাজশাহী প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার এ এস সুমন এবং প্রেসক্লাবের প্রচার সম্পাদক এম এম জিয়াউল হক জুয়েল।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, একটি গণতান্ত্রিক ও সচেতন সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারঘাট উপজেলা প্রেসক্লাবের দীর্ঘ পথচলা স্থানীয় সাংবাদিকতার ক্ষেত্রে একটি গৌরবময় অধ্যায়। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, পেশাগত দায়িত্ববোধ ও ঐক্য বজায় রেখে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কলম যেন সবসময় সত্য ও জনস্বার্থের পক্ষে কথা বলে। এলাকার উন্নয়ন, অনিয়ম-দুর্নীতি, সাধারণ মানুষের অধিকার ও সমস্যা তুলে ধরতে দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস চারঘাট উপজেলা প্রেসক্লাবের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান এবং প্রেসক্লাবের সাফল্য কামনা করেন।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম. আব্দুন নূর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, ১৭ নভেম্বর ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত চারঘাট উপজেলা প্রেসক্লাব দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য ও সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে আসছে। ঐতিহ্য, দায়িত্ববোধ ও গৌরবময় পথচলার ধারাবাহিকতায় সংগঠনটি ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদার্পণ করেছে।


