
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’-এ বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ২৮ বছর বয়সী মিডফিল্ডার হামজা চৌধুরী। বর্ষসেরা ক্রীড়াবিদের পাশাপাশি বিচারকদের ভোটে বর্ষসেরা ফুটবলার এবং দর্শকদের ভোটে ‘পপুলার চয়েস অ্যাওয়ার্ড’ও নিজের করে নিয়েছেন তিনি।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও এক ভিডিও বার্তায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। এই অর্জনকে অত্যন্ত গর্বের উল্লেখ করে তিনি তার পরিবার, কোচ, সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এবারের বর্ষসেরা ক্রীড়াবিদের দৌড়ে হামজা চৌধুরীর শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা এবং হকি তারকা আমিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান ক্রীড়ামন্ত্রী ও সাবেক ফুটবলার আমিনুল হক। তিনি বিএসপিএ-এর এই আয়োজনের ধারাবাহিকতার প্রশংসা করেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন টানা ১১ বার এই আয়োজনের পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজের ব্র্যান্ড ‘কুল’-এর প্রতিনিধি মালিক মোহাম্মদ সাইদ। উল্লেখ্য, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে। এবারের আসরে ১৬টি বিভাগে মোট ১৫ জন ক্রীড়াবিদ, সংগঠক ও সংস্থাকে সম্মানিত করা হয়েছে।
একনজরে ‘কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড ২০২৫’ বিজয়ীরা:
১. বর্ষসেরা ক্রীড়াবিদ: হামজা চৌধুরী (চ্যাম্পিয়ন), ঋতুপর্ণা চাকমা (রানারআপ) ও আমিরুল ইসলাম (রানারআপ)।
২. পপুলার চয়েস অ্যাওয়ার্ড: হামজা চৌধুরী।
৩. বর্ষসেরা ফুটবলার: হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা।
৪. বর্ষসেরা ক্রিকেটার: রিশাদ হোসেন।
৫. বর্ষসেরা হকি খেলোয়াড়: আমিরুল ইসলাম।
৬. বর্ষসেরা আর্চার: আবদুর রহমান আলিফ।
৭. বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়: খই খই সাই মারমা।
৮. বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়: আল আমিন জুমার।
৯. উদীয়মান ক্রীড়াবিদ: রিপন মন্ডল (ক্রিকেট)।
১০. বর্ষসেরা কোচ: পিটার বাটলার (নারী ফুটবল)।
১১. বর্ষসেরা আম্পায়ার: সেলিম লাকী (হকি)।
১২. বর্ষসেরা সংগঠক: কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল (আর্চারি)।
১৩. তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব: আলমগীর কবীর (ক্রিকেট কোচ)।
১৪. বিশেষ সম্মাননা: শাহনাজ পারভীন মালেকা (কাবাডি কোচ)।
১৫. সেরা পৃষ্ঠপোষক: প্রাইম ব্যাংক পিএলসি।
১৬. সক্রিয় ফেডারেশন: বাংলাদেশ কাবাডি ফেডারেশন।


