
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ও অতিরিক্ত বিলের প্রতিবাদে গণঅনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দরা। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এই গণঅনশনের আয়োজন করা হয়।
গণঅনশন কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া হাজার হাজার কোটি টাকার ইভিএম বাতিল হলে প্রিপেইড মিটার কেন বাতিল হবে না। যেসব এলাকায় প্রিপেইড মিটার লাগানো হয়েছে তাদের দুর্ভোগের শেষ নেই। সাধারণ গ্রাহকদের ওপর একতরফাভাবে প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে এর পরিণতি ভালো হবে না।

ইতোমধ্যে বিভিন্ন এলাকায় প্রিপেইড মিটারের বিরুদ্ধে গণপ্রতিরোধ শুরু হয়ে গেছে। অবিলম্বে প্রিপেইড মিটার বাতিল করতে হবে। ফ্যাসিস্ট সরকারের গণবিরোধী প্রিপেইড মিটার প্রকল্প বাতিল না করলে, ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় বর্তমান সরকারকে নিতে হবে।
এদিকে কর্মসূচিতে সংহতি প্রকাশ করে পানি পান করিয়ে গণঅনশন ভঙ্গ করান নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। এ সময় তিনি বলেন, আপনাদের দাবির সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি। আপনাদের দাবি আমি জাতীয় সংসদে উত্থাপন করার চেষ্টা করবো। আশাকরি আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহজাহানসহ নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকায় পঞ্চায়েত, মসজিদ কমিটি ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।


