
টানটান উত্তেজনায় ঠাসা ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মুকুট ধরে রেখেছে পিএসজি। হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় গত শনিবার নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। আর্সেনালকে স্তব্ধ করে ৪-৩ ব্যবধানে জিতে নেয় ফরাসি ক্লাবটি। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব লড়াই শেষে রবিবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও বর্ষসেরা দল ঘোষণা করেছে উয়েফা।

পিএসজিকে চ্যাম্পিয়ন করার মূল কারিগর জর্জিয়ান উইঙ্গার খিচা কাভারাৎসখেলিয়া নির্বাচিত হয়েছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লেয়ার অব দ্য সিজন।
২৫ বছর বয়সী জর্জিয়ান ফরোয়ার্ড কাভারাৎসখেলিয়া পুরো টুর্নামেন্ট জুড়েই ছিলেন অপ্রতিরোধ্য। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তিনি একাই করেছেন ১০টি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬টি গোল। ফাইনালে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর পিএসজিকে সমতায় ফেরাতে পেনাল্টিটি আদায় করেছিলেন তিনিই।
চ্যাম্পিয়নদের মতোই উয়েফার ঘোষিত চ্যাম্পিয়ন্স লিগ টিম অব দ্য সিজন বা বর্ষসেরা একাদশে আধিপত্য দেখিয়েছে পিএসজি। কাভারাৎসখেলিয়া ছাড়াও পিএসজি থেকে এই দলে জায়গা করে নিয়েছেন আরও চার তারকা- উসমান ডেম্বেলে, মার্কিনহোস, নুনো মেন্দেস এবং ভিতিনহা।
রানার্স-আপ আর্সেনাল থেকেও তিন ফুটবলার জায়গা পেয়েছেন এই সেরা একাদশে। গানার্সদের গোলরক্ষক ডেভিড রায়া, ডিফেন্ডার গ্যাব্রিয়েল এবং মিডফিল্ডার ডেকলান রাইস উয়েফার বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হয়েছেন।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের তুর্কি তরুণ তুর্কি আর্ডা গুলার নির্বাচিত হয়েছেন মৌসুমের সেরা উদীয়মান তারকা। এছাড়া টুর্নামেন্টের সেরা গোলের পুরস্কারটি জিতেছেন তারই রিয়াল সতীর্থ ফেদেরিকো ভালভার্দে।


