
গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ভুতুড়ে বিল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির পাশাপাশি নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহীর ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। একই সঙ্গে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ উত্তরাঞ্চলের মানুষের স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেন তারা।

তারা অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, লোডশেডিং বন্ধ এবং নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার দাবি জানান।
পরে ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দাবিসংবলিত স্মারকলিপি হস্তান্তর করেন। প্রতিনিধি দলে ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোর্তুজা, মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার এবং এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলীসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।
এ সময় রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন।


