
একটি ইতিবাচক আলাপ যেমন আমাদের মানসিক প্রশান্তি বাড়িয়ে দিতে পারে, তেমনি একটি অস্বস্তিকর কথোপকথন দিনের পর দিন মানসিক চাপের কারণ হতে পারে। মনোবিজ্ঞানীদের মতে, অনেক সময় আমরা অজান্তেই এমন কিছু যোগাযোগগত ভুল করি, যা ব্যক্তিগত ও পেশাগত—উভয় সম্পর্কেই নেতিবাচক প্রভাব ফেলে।
১. শুধু নিজের কথা বলার সুযোগ তৈরির জন্য প্রশ্ন করা
অনেকেই প্রশ্ন করেন কেবল নিজের অভিজ্ঞতা বলার সুযোগ তৈরির জন্য। মনোবিজ্ঞানের ভাষায় একে ‘বুমেরাং-স্কিং’ (Boomerasking) বলা হয়। এতে অন্য ব্যক্তি মনে করতে পারেন, তার কথার প্রতি আপনার প্রকৃত আগ্রহ নেই।

২. অন্যের কথা শেষ হওয়ার আগেই বাধা দেওয়া
কারও কথা শেষ হওয়ার আগেই নিজের কথা শুরু করা অশোভন আচরণ। এতে অন্য ব্যক্তি নিজেকে অবমূল্যায়িত মনে করতে পারেন এবং আলাপের স্বাভাবিক গতি নষ্ট হয়।
৩. সবসময় নিজের গল্প বলার অভ্যাস
সুস্থ কথোপকথনে উভয় পক্ষের সমান অংশগ্রহণ প্রয়োজন। সবসময় নিজের অভিজ্ঞতা বা সমস্যার কথা বললে অন্য ব্যক্তি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। একটি ভালো আলাপ অনেকটা টেনিস খেলার মতো—দুই পক্ষ থেকেই ‘বল’ আদান-প্রদান হয়।
৪. না চাইতেই উপদেশ দেওয়া
অনেক সময় মানুষ শুধু নিজের অনুভূতির কথা বলতে চায়, সমাধান শুনতে নয়। তাই কেউ সমস্যা শেয়ার করলেই পরামর্শ দেওয়ার আগে বুঝে নিন, তিনি আসলে কী চান। প্রয়োজন হলে জিজ্ঞেস করুন, ‘তুমি কি শুধু কথা বলতে চাও, নাকি কোনো পরামর্শ চাও?’
৫. শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ ধরনের প্রশ্ন করা
কথোপকথন এগিয়ে নিতে খোলা ধরনের (Open-ended) প্রশ্ন করুন। যেমন, ‘পানীয়টি ভালো লেগেছে?’ বলার বদলে ‘পানীয়টির কোন দিকটি আপনার সবচেয়ে ভালো লেগেছে?’—এ ধরনের প্রশ্ন আলোচনা আরও প্রাণবন্ত করে।
৬. ফলো-আপ প্রশ্ন না করা
কেউ উত্তর দেওয়ার পর যদি আপনি হঠাৎ অন্য প্রসঙ্গে চলে যান, তাহলে তিনি মনে করতে পারেন আপনি মনোযোগ দিয়ে শুনছেন না। ফলো-আপ প্রশ্ন করা বোঝায় যে আপনি তার কথায় আগ্রহী।
৭. প্রশ্নের পর প্রশ্ন করে জেরা করা
একের পর এক প্রশ্ন করলে আলাপচারিতা অনেক সময় জেরার মতো মনে হয়। এতে অন্য ব্যক্তি অস্বস্তি বোধ করতে পারেন। প্রশ্নের মাঝে বিরতি দিন এবং তাকেও কথা বলার সুযোগ দিন।
৮. অবজ্ঞাসূচক ভাষা ব্যবহার
‘তুমি বাড়াবাড়ি করছ’, ‘যা খুশি’, কিংবা তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ মন্তব্য সম্পর্কের জন্য ক্ষতিকর। মতভেদ থাকলেও সম্মানজনক ভাষা ব্যবহার করলে সংলাপ ইতিবাচক থাকে।
কেন এসব ভুল এড়িয়ে চলা জরুরি?
মনোবিজ্ঞানী ড. মেগান মার্কাম-এর মতে, এ ধরনের অভ্যাস সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। বারবার এমন আচরণ হলে মানুষ একে অপরকে এড়িয়ে চলতে শুরু করে, যা দীর্ঘমেয়াদে ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের ক্ষতি করতে পারে।
ভালো কথোপকথনের জন্য যা করবেন
- মনোযোগ দিয়ে এবং কৌতূহল নিয়ে অন্যের কথা শুনুন।
- প্রয়োজন হলে তার কথার সারাংশ পুনরায় উল্লেখ করে নিশ্চিত করুন যে আপনি ঠিকভাবে বুঝেছেন।
- মতভেদ হলেও শান্ত ও নিরপেক্ষ ভাষায় নিজের অবস্থান তুলে ধরুন।
- অন্যকে কথা বলার যথেষ্ট সুযোগ দিন এবং তার অনুভূতির প্রতি সম্মান দেখান।
কথোপকথন কেবল তথ্য বিনিময় নয়; এটি পারস্পরিক আস্থা, সম্মান ও সম্পর্ক গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সামান্য সচেতনতা আমাদের ব্যক্তিগত ও পেশাগত—দুই ক্ষেত্রেই যোগাযোগকে আরও কার্যকর ও সম্পর্ককে আরও দৃঢ় করে তুলতে পারে।
তথ্যসূত্র: Verywell Mind


