
চারঘাটে জামায়াতের গণসংযোগ
রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের ডাকরা, পুঠিমারী ও ফরিদপুর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. নাজমুল হক। এ সময় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন, চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সুফেল রানা, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মো. এজারুল ইসলাম, ভায়ালক্ষীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আনারুল ইসলাম এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. কামরুজ্জামান রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে অধ্যক্ষ মো. নাজমুল হক জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে দাম কমানোর দাবি জানান। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ ও হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দলীয়করণ বন্ধ করতে হবে। পাশাপাশি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা।
পরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ডাকরা, পুঠিমারী ও ফরিদপুর বাজারের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত শোনেন।


