
রাজশাহী মহানগরের তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বাসার তালা ভেঙে চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক এক যুবককে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রমে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত রাহিদুল ইসলাম (৩০) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার জিন্নাহনগর মথুরডাঙ্গা এলাকার মাইনুল ইসলামের ছেলে।
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) জানায়, তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় লালন শাহের বাসার নিচতলায় কেউ না থাকার সুযোগে রাহিদুল তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি মোটরসাইকেলের ব্যাটারিসহ বিভিন্ন মালামাল চুরি করছিলেন।
চুরির সময় বাসার মালিকের স্ত্রী বাড়িতে ফিরে তাকে দেখতে পান। তিনি চিৎকার দিলে রাহিদুল পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করেন।
খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাহিদুলকে আটক করে। এ সময় তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একাধিক চাবি, লোহার শাবল, প্লাস ও হাতুড়ি এবং চুরি করা মোটরসাইকেলের একটি ব্যাটারি উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা আলামতসহ রাহিদুলকে রাজশাহী মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতা উল্লাহ মামলাটি আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় আসামি নিজের দোষ স্বীকার করলে আদালত তাকে দেড় বছরের কারাদণ্ড দেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরএমপি জানিয়েছে, মহানগরীতে চুরি-ছিনতাইসহ অপরাধ দমনে আইনগত ব্যবস্থা ও অভিযান অব্যাহত থাকবে।


