
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথবাহিনী গঠনের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোরও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ কোনো যৌথবাহিনী গঠনের পরিকল্পনা সরকারের নেই। একইভাবে অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান পরিচালনার চিন্তাভাবনাও সরকারের নেই।
তিনি বলেন, আলাদা করে নতুন কোনো বাহিনী গঠনের বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো ঘোষণাও দেওয়া হয়নি। তবে দেশব্যাপী অপরাধ দমন ও মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে চলমান যৌথ অভিযান আরও জোরদার করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা নিয়েছে। অপরাধ দমনে পুলিশের কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে তিনি সংসদকে জানান।


