
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আনুমানিক ১ কোটি ৩৫ লাখ থেকে ১ কোটি ৬৯ লাখ টাকা মূল্যের ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মো. মেহেদী হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী। এ সময় মো. আল-মামুন (৪০) নামে আরও এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে বাহিনীটি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ থানার ওমরপুর হঠাৎপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি অপারেশন দল ওমরপুর হঠাৎপাড়ায় মেহেদী হাসানের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সামনে খড়ি রাখার ঘরের ভেতর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মেহেদী হাসান শিবগঞ্জ উপজেলার ওমরপুর হঠাৎপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিক্রির উদ্দেশ্যে হেরোইন নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
এসআরবি-৫ আরও জানায়, জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান দাবি করেছেন, তিনি ও পলাতক আল-মামুন পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে হেরোইন সংগ্রহ করে শিবগঞ্জসহ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার মেহেদী হাসানের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


