
শিবির সভাপতির বক্তব্যেরও প্রতিবাদ, ‘হুমকি-কটূক্তির জবাব দেওয়া হবে’: ছাত্রদল নেতা
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতির দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী জেলা ছাত্রদল। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেটের নেতৃত্বে মিছিলটি বের হয়। নগরের কুমারপাড়া প্রদক্ষিণ করে জাদুঘর মোড় হয়ে মিছিলটি আবার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মিছিল থেকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পাশাপাশি সম্প্রতি ছাত্রদলকে নিয়ে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজিরের দেওয়া বক্তব্যের প্রতিবাদেও স্লোগান দেন নেতাকর্মীরা।
মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট।
তিনি বলেন, ‘ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল। রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ছাত্রদলকে নিয়ে যে কটূক্তি করেছেন, তার জবাব দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘বাইরে থেকে এসে রাজনীতি করে আবার ছাত্রদলকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা স্থানীয়। আমাদের সঙ্গে পাঙ্গা নিতে এলে এর পরিণতি ভালো হবে না।’
ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন দাবি করে আব্দুস সবুর বুলেট বলেন, কোনো ধরনের হুমকি, কটূক্তি বা উসকানিমূলক বক্তব্য দেওয়া হলে তার প্রতিবাদ করা হবে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার এক প্রতিবাদ সমাবেশে সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের রাজশাহী থেকে বের করে দেওয়ার হুমকি দেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
রোববারের বিক্ষোভে রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য মো. হাসেম আলী, দুর্গাপুর পৌরসভা ছাত্রদলের এস এম সাকিব হাসান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিল, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ, মোহনপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ কিবরিয়া, পুঠিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিবুর রহমান এবং রাজশাহী জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।


